১৮ নভেম্বর ২০১৪ - ১১:৫৯
সিনাগগে হামলা: ৪ ইসরাইলি ২ ফিলিস্তিনি নিহত

জেরুজালেম-খ্যাত অধিকৃত বাইতুল মোকাদ্দাস শহরের একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) সশস্ত্র হামলায় চার ইসরাইলি ও দু’জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

আবনা : জেরুজালেম-খ্যাত অধিকৃত বাইতুল মোকাদ্দাস শহরের একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) সশস্ত্র হামলায় চার ইসরাইলি ও দু’জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অধিকৃত ফিলিস্তিনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার একই সময়ে এ হামলা হলো।
খবরে বলা হয়েছে, দুই ফিলিস্তিনি যুবক হ্যান্ডগ্রেনেড ও কুঠার হাতে পশ্চিম বাইতুল মোকাদ্দাসের ‘হার নোফ’ এলাকার একটি সিনাগগে হামলা চালিয়ে চার ইসরাইলিকে হত্যা করেন। মঙ্গলবার রাতের এ হামলায় দুই ইসরাইলি পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। এ সময় ইহুদিবাদী পুলিশ গুলি করে ওই দুই ফিলিস্তিনিকে হত্যা করে।
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন সিনাগগে হামলার ঘটনাকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, বাইতুল মোকাদ্দাসে নির্যাতন করে একজন ফিলিস্তিনি বাস চালককে হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।
গত ১৬ নভেম্বর ৩২ বছর বয়সি ফিলিস্তিনি বাস চালক হাসান ইউসুফ রামুনি’কে নির্যাতন চালিয়ে হত্যা করে ইহুদি অভিবাসীরা।
ইসরাইলি সিনাগগে মঙ্গলবারের হামলার প্রতিক্রিয়ায় ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, এ হামলার কঠোর জবাব দেবে তার সরকার।#